যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের নতুন সিদ্ধান্ত

- আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 19
মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার নতুন সিদ্ধান্ত নিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির কূটনৈতিক দফতরকে নির্দেশ দিয়েছেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা শুরু করার জন্য। খবরটি সোমবার (২ ফেব্রুয়ারি) ইরানি গণমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে আলোচনার সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, আলোচনার পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে এবং কয়েক দিনের মধ্যে এটি প্রস্তুত হবে। পাশাপাশি আঞ্চলিক কয়েকটি দেশ মধ্যস্থতার মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদানপ্রদানে ভূমিকা রাখছে।
ইরানের এই পদক্ষেপ আসে তখন, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে চুক্তির সম্ভাব্যতার কথা উল্লেখ করেছেন, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করেছেন, তেহরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে, তা আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনায় এই নতুন উদ্যোগ কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।





























