যুক্তরাষ্ট্রের আসন্ন সিনেট নির্বাচনকে কেন্দ্র করে মিশিগানের ডেমোক্র্যাট দলীয় মুসলিম প্রার্থী ডা. আবদুল এল-সাইয়েদের বিরুদ্ধে চরম মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনি এক জনসভায় তিনি বিতর্কিত দাবি করে বলেন, একজন মুসলিম চিকিৎসক সিনেটর নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে বড়দিন উদযাপনও বাতিল হয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রোববার (২৫ অক্টোবর ২০২৬) মিশিগানে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে রিপাবলিকান প্রার্থীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় ডেমোক্র্যাট প্রার্থী এল-সাইয়েদকে নিশানা করে এসব কথা বলেন ট্রাম্প।
সমাবেশে ট্রাম্প এল-সাইয়েদকে উদ্দেশ্য করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ‘জিহাদি’ আখ্যা দেন। তিনি দাবি করেন, এল-সাইয়েদ নির্বাচিত হলে প্রেসিডেন্টের বিশেষ আদেশে তাঁকে সিনেটে প্রবেশের আগে প্রতিদিন মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করানো হবে। ট্রাম্প বলেন, “আমি চাই, তার জন্য মেটাল ডিটেক্টর থাকুক।” তিনি আরও বলেন, “আমি এখানে এসেছি, যাতে মুসলিম ব্রাদারহুডের একজন জিহাদি সদস্য কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সিনেটর হতে না পারেন।”
গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাবস্থার কারণে দেশটিতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনসমর্থন ও জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এ সংকট থেকে ভোটারদের নজর সরাতেই ট্রাম্প এমন মেরুকরণমূলক বক্তব্য দিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
তবে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী নাগরিক ও ডেট্রয়েটের জনস্বাস্থ্য বিভাগের সাবেক নির্বাহী পরিচালক ডা. আবদুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন। ট্রাম্পের এই আক্রমণকে পাত্তা না দিয়ে তিনি জানান, এটি অর্থনৈতিক ব্যর্থতা ও যুদ্ধসংকট থেকে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে নেওয়ার পুরোনো অপকৌশল মাত্র। তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো নীতিগত ইস্যুতে জোর দিচ্ছেন।
মিশিগানের সিনেট নির্বাচনে ডা. এল-সাইয়েদের মূল প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। মার্কিন সিনেটে বর্তমানে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫৩টি আসন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের মোট ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হবে, যার মধ্যে দলীয় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে মিশিগানের এ আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করছে রিপাবলিকান পার্টি।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ফায়দা তুলতে মুসলিমবিদ্বেষী বক্তব্যকে ব্যবহার করে আসছেন ট্রাম্প। ২০১৫ সালে প্রচারণায় তিনি মুসলিমদের প্রবেশ বন্ধের ঘোষণা দেন এবং পরবর্তীতে ক্ষমতায় বসে একাধিক মুসলিম প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
মন্তব্যসমূহ