জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও 'জুলাই সনদ' পুরোপুরি বাস্তবায়ন করতে হলে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সাংবিধানিক সংস্কার প্রয়োজন, কিন্তু সে ক্ষেত্রে বিরোধী দল সরকারকে কোনো ধরনের সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষাকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা কোনোভাবেই পূরণ হবে না। আর জুলাই সনদকে টেকসই ও কার্যকর রূপ দিতে আইনি এবং সাংবিধানিক দুটি প্রক্রিয়াই অপরিহার্য, যার জন্য সংবিধান সংশোধন করতে হবে। বিরোধী দল এই উদ্যোগে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিরোধী দল এটাকে সংবিধান সংস্কার হিসেবে ইতিবাচকভাবে দেখতে পারত। বিরোধীদলীয় নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তাঁরা সরকারকে সহযোগিতা করবেন না। তবে সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা সরকারকে সহযোগিতা না করলেও যেন দেশের ১৮ কোটি সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এ প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
জুলাই স্মৃতিফলক উন্মোচনকে জাতীয় অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করে একদিনে সংঘটিত হয়নি; এর জন্য ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ দেড় দশক ধরে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ও রক্ত দিতে হয়েছে। তাই জাতীয় জীবনে এই চেতনা চিরজাগরূক রাখা অত্যন্ত জরুরি। আগামী দিনে দেশের সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনেও জুলাইয়ের বিপ্লবের প্রতিফলন থাকা উচিত বলে তিনি অভিমত দেন।
তিনি আরও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, বর্তমান সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী সে পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছেন। কারণ তিনি স্বয়ং জুলাই গণ-অভ্যুত্থানের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, তাই সরকার কথার ফুলঝুরিতে নয়, কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে।
মন্তব্যসমূহ