শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটির দিন হলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো খোলা রাখা হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে ছুটির আগে আজ শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে আজ শেয়ারবাজারেও স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
এদিকে, দুর্গাপূজার ছুটিতেও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিতেও এসব শাখা ও বুথে সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
মন্তব্যসমূহ