প্রায় এক মাস পর চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার, ১৪ অক্টোবর রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানিয়েছেন, বর্তমানে মির্জা আব্বাস অনেকটাই সুস্থ রয়েছেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ায় যান মির্জা আব্বাস। সেখানে তিনি প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
এরও আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি। পরে ফলোআপ চিকিৎসার প্রয়োজন হওয়ায় আবারও মালয়েশিয়ায় যান।
মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতা শুরু হয় গত ১১ মার্চ। ওই দিন ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা তখন জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে দ্রুত অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা ও ফলোআপের পর এবার দেশে ফিরেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার সহকারী একান্ত সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো।
মন্তব্যসমূহ