বাণিজ্য নিয়ে মতপার্থক্য। তার ওপর রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ। এমন এক সময়েই ভারতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত ও উজবেকিস্তান সফর করবেন রুবিও। প্রথমে উজবেকিস্তানের সমরকন্দে মধ্য এশিয়ার পাঁচ দেশের সঙ্গে ‘সি৫+১’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর ভারত সফরে মুম্বাই ও গুজরাটের জামনগরে যাবেন।
ভারতে অবস্থানকালে দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় থাকবে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়।
এর পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। চলতি বছর এটি হবে ভারতে রুবিওর দ্বিতীয় সফর। এর আগে মে মাসে নয়াদিল্লিতে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি।
তবে এই সফরের পেছনে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, অর্থনৈতিক হিসাবও গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি কেনা নিয়ে ওয়াশিংটনের আপত্তি রয়েছে। একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির কিছু বিষয় নিয়েও মতপার্থক্য রয়েছে।
তবে সফরের আগে আলোচনায় কিছুটা আশার বার্তাও দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মতে, দুই দেশের বাণিজ্য আলোচনা একটি সমাধানের দিকে এগোচ্ছে।
ফলে রুবিওর আসন্ন সফরকে শুধু সৌজন্য সফর হিসেবে দেখার সুযোগ কম। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্ক, সব মিলিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ই এবার আলোচনার টেবিলে আসতে পারে।
মন্তব্যসমূহ