ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীরা যাতে বাদ না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মূলত নারীদের সংসারের দৈনন্দিন ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। পরে সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা হবে।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের মাধ্যমে কেউ যাতে সরকারি সুবিধা গ্রহণ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু দাবি করেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে দলটির বিরুদ্ধে অতীতে মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তোলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এজন্য তথ্যসংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্যসমূহ