যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের দিকে কয়েকজন ব্যক্তি এগিয়ে যান। এ সময় তারা উচ্চস্বরে স্লোগান দেন এবং তাকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন।
ভিডিওতে কয়েকজনকে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় তিনি সেখান থেকে এগিয়ে যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
এ ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তথ্য উপদেষ্টা। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা কার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।
মন্তব্যসমূহ