ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলা হয়েছে। এতে বিমানবন্দর দুটির অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনজন সামান্য আহত হয়েছেন।
সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানায়, হামলায় তিনজন সামান্য আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার পর জরুরি সেবা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রী, বিমানবন্দরের কর্মী এবং সামগ্রিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৌদি সরকারের বিবৃতিতে বিমানবন্দর দুটিতে হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী করা হয়নি। তবে একই দিন হুথিরা জাজান ও নাজরানের সংবেদনশীল স্থাপনাসহ সৌদি আরবের বিভিন্ন জায়গায় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
হুথিদের দাবি অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাও তাদের হামলার লক্ষ্য ছিল।
বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে দেশটি।
গত কয়েক দিনে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
মন্তব্যসমূহ