বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে মিষ্টি নিজের সিদ্ধান্তকে স্বেচ্ছায় নেওয়া বলে উল্লেখ করেছেন।
স্পিকার বরাবর দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখেছেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
পদত্যাগপত্রে তিনি আরও লিখেছেন, ‘অতএব বিনীত প্রর্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’
এদিন দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও বের হওয়ার সময় তার হাতে সেটি ছিল না।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে মিষ্টি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। আমি স্পিকারের সঙ্গে দেখা করে কথা বলেছি।’
গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে তদন্ত চলার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এরপর বৃহস্পতিবার ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। একই দিন দুপুরে তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
মন্তব্যসমূহ