সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করেছেন। ফলে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের বিষয়টি একাধিক সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। গত ২৪ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। একই সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের যেসব অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছিল, সেগুলোও নতুন করে আলোচনায় আসে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্তব্যসমূহ