ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এক দিনের এই সফরে তিনি ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি টিভি চ্যানেল ১২ ও কান এবং দেশটির হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু এক দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে তিনি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন বলে এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই নেতানিয়াহুর ইউএই সফরের খবর সামনে এলো। সফরের উদ্দেশ্য বা বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর কয়েক সপ্তাহ আগে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। ওই সতর্কবার্তা নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেননি বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
তবে নেতানিয়াহু ওই প্রতিবেদন অস্বীকার করেছেন।
ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ২০২০ সালে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করে।
মন্তব্যসমূহ