বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও প্রকৌশল খাতে আরও সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন এবং আর্থসামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা ও জলবায়ু সহনশীলতায় দেশটির অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি বিকাশে কাজ করছে এবং নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে বাজেটে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও প্রকৌশল খাতকে বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে এসব খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, বিশেষ করে তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইডেনের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়।