ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহর। তার দাবি, এ নীতি অব্যাহত থাকলে খুব শিগগিরই ওয়াশিংটনের সঙ্গে তেলআবিবের মতবিরোধ আরও তীব্র হতে পারে।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ও সমঝোতা প্রচেষ্টা নিয়ে সমালোচনা করেন মিকি জোহর। তিনি বলেন, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের আচরণ সন্তোষজনক নয়। ওয়াশিংটন ঠিকভাবে বুঝতে পারছে না, তারা কার সঙ্গে আলোচনা করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটকে দেওয়া বক্তব্যে জোহর বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পথে চলে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপে ইসরায়েলের প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় হবে না। বরং দেশের নিরাপত্তা স্বার্থ বিবেচনা করেই সামরিক সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি বা সমঝোতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। জোহরের মতে, এ ধরনের চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে পারবে না। বরং তার আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতি অনেকের ধারণার চেয়েও দ্রুত আবার ফিরে আসতে পারে।
ইসরায়েলের ভেতরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতি নিয়ে সমালোচনা বাড়ার মধ্যেই মিকি জোহরের এমন মন্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানগত ব্যবধান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা