জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং দেশের মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
মুজিবুর রহমান বলেন, সংসদের অধিবেশন চলাকালে নামাজ আদায়ের জন্য ৩০ মিনিট সময় নির্ধারিত থাকে। শারীরিকভাবে সক্ষম অধিকাংশ সংসদ সদস্যের এই সুযোগ কাজে লাগিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা উচিত।
প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনিও জামাতের সঙ্গে নামাজ আদায় করতে আগ্রহী। তবে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে মসজিদে গিয়ে নামাজ আদায় করা সম্ভব নয়।
জামায়াতের এই নেতা বলেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর মানুষের আমলের হিসাব নেওয়া হবে এবং নামাজের বিষয়টিও সেখানে গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নিজেদের নামাজ আদায়ের পাশাপাশি সমাজে নামাজের পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি শিশুদের ছোটবেলা থেকেই নামাজের সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্ব দেন। তার মতে, পাঁচ বছর বয়স থেকেই সন্তানদের নামাজের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ১০ বছর বয়সের পর তাদের নামাজ আদায়ে আরও গুরুত্ব দিয়ে উৎসাহিত করার কথাও বলেন তিনি।
একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান প্রতিষ্ঠা এবং জাকাতের ব্যবস্থা কার্যকর করার আহ্বান জানান মুজিবুর রহমান। তার দাবি, নামাজের চর্চা বাড়লে মানুষের নৈতিক চরিত্র উন্নত করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ধর্ম পালন প্রত্যেক নাগরিকের স্বাধীনতার বিষয়। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় বিধান যথাযথভাবে পালন করবেন।