ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।
সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের সংখ্যা প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। তদন্ত ও উদ্ধার কার্যক্রম শেষে এ সংখ্যা পরিবর্তন হতে পারে।
ইরানে জ্বালানি ট্যাংকার ও ভারী যানবাহন দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটিতে দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে একটি যাত্রীবাহী বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় অনেক বেশি। দুর্বল সড়কব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা