সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে এক ব্যক্তির সঙ্গে এসআই আলতাফ হোসেনের কথা কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তি আরও ১০ থেকে ১২ জনকে নিয়ে এসে তার ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন আলতাফ হোসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য আলতাফ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।