কুয়াকাটা ভ্রমণে যাওয়ার পথে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীরা। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার আইকনিক পরিবহনের ডাবল ডেকার স্লিপার কোচটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য রিজার্ভ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করে। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে গুরুতর আহত ছয়জনকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, "বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মন্তব্যসমূহ