সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দেশের হিন্দু সম্প্রদায় দিনটি উদযাপন করবে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিরাপত্তা নিশ্চিত করতে ৯ দফা নির্দেশনা দিয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায়, সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, ইসকনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচি। এর মধ্যে রয়েছে সকালে গীতাযজ্ঞ, বিকেলে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা।
বিকেল ৩টায় পলাশীর মোড়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মিছিলের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
এদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এতে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
ডিএমপি জানিয়েছে, জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গুলিস্তান ও নবাবপুর রোড হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রাটি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে, শোভাযাত্রার রুটে যানবাহন পার্কিং না করা, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকা, মাঝপথে শোভাযাত্রায় যোগ না দেওয়া এবং নিরাপত্তার স্বার্থে অস্ত্র, দাহ্য পদার্থ, বড় ব্যাগসহ নিষিদ্ধ সামগ্রী না নেওয়া।
এ ছাড়া সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।
মন্তব্যসমূহ