গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইসরাইল এখনো চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস।
তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাতিল হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রকাশনা সংস্থা ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কাৎস এ মন্তব্য করেন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজার জনসংখ্যা সরিয়ে নেওয়া, যাকে ইসরাইলি কর্মকর্তারা ‘স্বেচ্ছায় স্থানান্তর’ হিসেবে উল্লেখ করেন, সেটিই গাজা সংকটের একমাত্র সমাধান বলে তারা মনে করছেন।
কাৎস বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিকের বক্তব্যে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ধারণার প্রতি সমর্থন জানিয়েছিলেন। পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে বিষয়টি নিয়ে অবস্থান পরিবর্তন করে যুদ্ধবিরতি উদ্যোগে যুক্ত হন।
ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের লক্ষ্য ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়া। তবে ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
কাৎস আরও বলেন, ইসরাইল সমুদ্র, আকাশ ও অন্যান্য উপায়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে মিশরসহ কয়েকটি আরব দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাবের বিরোধিতা করেছে।
মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার বিষয়ে ইসরাইলি অবস্থান স্পষ্ট হয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ