শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। কাউন্সিলকে সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো ও গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলের আগে বিএনপির সাংগঠনিক কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এর অংশ হিসেবে দীর্ঘদিন ধরে শূন্য থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব পদও পূরণ করা হতে পারে।
এ পদে বর্তমান যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নামও আলোচনায় এসেছে।
তবে এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। কাউন্সিলের আগে নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিলের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কাউন্সিলের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। দলের নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে।
দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কারণে জাতীয় কাউন্সিল কিছুটা পিছিয়ে যেতে পারে। আগামী বছরের শুরুর দিকে কাউন্সিল আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
বিএনপির সামনে এখন দুটি বড় সাংগঠনিক চ্যালেঞ্জ রয়েছে। এর একটি হলো স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, অন্যটি সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের মার্চে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রায় এক দশক ধরে নতুন কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি।
তবে এ সময়ে নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন পদে পদোন্নতি ও দায়িত্ব পরিবর্তন হয়েছে।
মন্তব্যসমূহ