গোপালগঞ্জে র্যাব সদস্য পরিচয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে (ডিএসও) প্রাইভেটকারে তুলে নিয়ে দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মীকে গাড়ির ভেতর চোখ বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো. হাচিবুর রহমান। অভিযোগে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিকাশের ডিএসও সামিউল ইসলাম গোপালগঞ্জের পূর্বালী ব্যাংক পিএলসি থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা সংগ্রহ করেন। পরে মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, প্রাইভেটকার থেকে র্যাবের পোশাক পরা চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। এ সময় তাঁরা সামিউল ইসলামের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। পরে তাঁর হাতে হাতকড়া পরিয়ে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়।
গাড়ির ভেতরে সামিউলের চোখ লাল গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁর কাছে থাকা টাকা ও মালামাল দিতে বলা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা এবং একটি Oppo Reno 6 মুঠোফোন ছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তাঁর কাছে থাকা আরেকটি Realme Hot 60x মুঠোফোনও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুটি মুঠোফোনের আনুমানিক মূল্য যথাক্রমে ৩২ হাজার ও ১৫ হাজার টাকা।
অভিযোগে আরও বলা হয়, পরে সামিউল ইসলামকে চোখ ও হাত বাঁধা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার কাশিয়ানী ইউনিয়নের কংশুর এলাকার বাসস্ট্যান্ডের কাছে সড়কের ওপর ফেলে রেখে অভিযুক্তরা দ্রুত চলে যান।
ঘটনার পর বিকাশের আরেক ডিএসও রাজু বিশ্বাস বিষয়টি অফিসে জানান। পরে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সামিউলকে খোঁজাখুঁজি করেন। দুপুরের দিকে তিনি অফিসে ফিরে সহকর্মীদের কাছে পুরো ঘটনার বিস্তারিত জানান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
মন্তব্যসমূহ