মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল আসেন্সিও। এ ঘটনায় আদালত তাকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করার পাশাপাশি আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে জানা যায়, গত ১৬ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জিসি-১ হাইওয়ের ৩৭.৫ কিলোমিটার এলাকায় একটি ব্রেথলাইজার চেকপোস্টে আসেন্সিওকে থামায় পুলিশ। সে সময় তিনি একটি পোর্শে ম্যাকান জিটিএস চালাচ্ছিলেন।
পুলিশের নেওয়া প্রথম পরীক্ষায় তার শরীরে প্রতি লিটারে ০.৯০ মিলিগ্রাম অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। দ্বিতীয় পরীক্ষাতেও একইভাবে নির্ধারিত সীমার বেশি অ্যালকোহল শনাক্ত হয়। স্পেনের দণ্ডবিধির ৩৭৯.২ ধারা অনুযায়ী, প্রতি লিটারে ০.৬০ মিলিগ্রামের বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানো ফৌজদারি অপরাধ।
ঘটনার পর আসেন্সিওকে দ্রুত বিচারিক আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়। আইনি প্রক্রিয়ার সময় নিজের অপরাধ স্বীকার করেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। তার সঙ্গে থাকা একজন পরে গাড়িটির দায়িত্ব নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
দোষ স্বীকারের পর আদালত আসেন্সিওকে মোট ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করে। চার মাস ধরে প্রতিদিন ১২০ ইউরো করে এই অর্থ পরিশোধ করতে হবে তাকে। একই সঙ্গে আট মাসের জন্য তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ঘটনাটি সম্পর্কে রিয়াল মাদ্রিদও অবগত রয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পেছনে ফেলে আসেন্সিও এখন ফুটবলে মনোযোগ ফেরাতে চান। মাঠে নিজের সর্বোচ্চটা দিতে পুরোপুরি মনোযোগী থাকার পাশাপাশি ব্যক্তিগত দুর্বলতাগুলো কাটিয়ে আরও দৃঢ়ভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মন্তব্যসমূহ