আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার (৩১ আগস্ট) হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
এর আগে গত ৯ আগস্ট স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই দিন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তথ্য নিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্ম নেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।
এর আগের চূড়ান্ত হালনাগাদে দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৪৩ জন। নতুন হালনাগাদের মাধ্যমে মোট ভোটার সংখ্যা আরও ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন বেড়েছে।
ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পিছিয়ে গেলে ভোটার নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর নিবন্ধিত নতুন ভোটারদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ২৭ আগস্ট জানিয়েছেন, কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত এবং সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় তফসিল অক্টোবরে গড়াতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হতে পারে। নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের ভোট শুরু করার পরিকল্পনা করছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনও আয়োজন করা হবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
মন্তব্যসমূহ