ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ সরবরাহের সময় কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বর্তমানে উড়োজাহাজ অবতরণের পর প্রথম লাগেজ ১৮ মিনিট এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন করা হয়।
মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের লাগেজ ডেলিভারি ব্যবস্থায় নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৬ দশমিক ০৭ শতাংশ অর্জিত হয়েছে।
তবে লাগেজ ব্যবস্থাপনায় এখনো বেশ কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে বলে স্বীকার করেন তিনি। প্রয়োজনের তুলনায় ব্যাগেজ বেল্টের সংখ্যা কম, ট্রলি রাখার পর্যাপ্ত জায়গা নেই এবং ব্যাগেজ এলাকায় চলাচলের পথও তুলনামূলক সংকীর্ণ।
এর পাশাপাশি সীমিত সংখ্যক বোর্ডিং ব্রিজ এবং রিমোট পার্কিং ব্যবহারের কারণে কিছু ফ্লাইটের লাগেজ টার্মিনালে পৌঁছাতে বেশি সময় লাগে। পুরোনো অবকাঠামো এবং ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত ব্যবহারের কারণেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
সংসদ সদস্য সুলতানা আহমেদ তার প্রশ্নে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট সিন্ডিকেট এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে লাগেজ বিলম্বের বিষয়টি তুলে ধরেন। তিনি এসব ক্ষেত্রে শতভাগ স্বয়ংক্রিয় ও জবাবদিহিমূলক ব্যবস্থা কবে চালু হবে, তা জানতে চান।
জবাবে বিমানমন্ত্রী জানান, অস্বাভাবিক বিমানভাড়া ও টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মন্ত্রণালয় থেকে ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বুকিংয়ের পর নির্ধারিত সময়ের মধ্যে টিকিট ইস্যু না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের নাম ও পাসপোর্টের তথ্য নিশ্চিত করতে হবে।
কোনো ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অস্বাভাবিক দামে টিকিট বিক্রি বা সিন্ডিকেটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার নিবন্ধন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া যাত্রীদের কাছে বিক্রি করা টিকিটে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং প্রকৃত বিক্রয়মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কার্যক্রমে শতভাগ স্বয়ংক্রিয় ও জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর কাজ চলমান রয়েছে।
সরকারের লক্ষ্য লাগেজ ব্যবস্থাপনায় সময় আরও কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং টিকিট বিক্রিতে অনিয়ম ও কৃত্রিম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা।
মন্তব্যসমূহ