নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। দেশটির পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ২ হাজার ৩৬২ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানিয়েছেন। দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
পুলিশের হিসাবে, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী। এছাড়া নিখোঁজ ৪৯৯ জন বিদেশি নাগরিকের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী রয়েছেন।
উদ্ধার হওয়া ৬৬৯টি মরদেহের মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর রয়েছেন। পাশাপাশি আরও ২১১টি আংশিক মানবদেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনাক্ত করা সম্ভব হওয়া ২০টি মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যার পর উদ্ধার অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত ও বিপদগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ এবং ৭৯৫ জন নারী।
প্রবল বন্যায় ঘরবাড়ি হারানো প্রায় ১ হাজার মানুষ বর্তমানে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে ধাদিং জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা বাস্তুচ্যুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করতে নেপালজুড়ে উদ্ধারকারী দলগুলোর অভিযান এখনো চলছে। দুর্গম এলাকাগুলোতেও নিখোঁজদের সন্ধানে তৎপরতা বাড়ানো হয়েছে।
মন্তব্যসমূহ