মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের পররাষ্ট্রনীতির বিষয়গুলো বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত ও বাংলাদেশ নিজেদের নিজস্ব নীতি ও সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র সম্পর্ক পরিচালনা করবে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টির চেয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত ১৬ থেকে ১৭ বছরে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ত্যাগের কারণে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে।
আইনমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। বিশেষ করে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের জন্য ই-জুডিশিয়ারি কার্যক্রম নিয়ে কাজ করছে। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্যসমূহ