নেপালের ভয়াবহ বন্যার মধ্যে একটি ব্যাংকের সিন্দুক ভেসে যাওয়ার পর সেটি থেকে টাকা নেওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রাসুয়া জেলার ভোতেকোশি এলাকার বন্যার পানিতে সিন্দুকটি ভেসে যায়। পরে এটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর কাছে পাওয়া যায়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, কয়েকজন ব্যক্তি সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে গেছেন। পরে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অর্থের পরিমাণ ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বেশিরভাগই ধাদিং জেলার গালছি এলাকার বাসিন্দা। এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকার কয়েকজন বাসিন্দাও রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
নেপালের বন্যার পর আরও একটি ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে বন্যার পানিতে ভেসে যাওয়া ওই নারীর মরদেহ থেকে দুই ব্যক্তিকে কানের দুল খুলে নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর হতাহত ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।
এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে নিখোঁজ নেপালি নাগরিকের সংখ্যা বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনে অপরিবর্তিত রয়েছে।
বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও বিভিন্ন দুর্গম এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ