কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। একটি চক্র পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে।
শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষিবান্ধব নীতি নিয়ে কাজ করছে। কৃষকের উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকের অগ্রগতি হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন কারণে অনেক এলাকার মাটির গুণগত মান আগের মতো নেই। তবে ফরিদপুরের মাটি এখনো দেশের অন্যতম উর্বর মাটি হিসেবে বিবেচিত। এ অঞ্চলের কৃষিকে আরও এগিয়ে নেওয়ার বড় সম্ভাবনা রয়েছে।
আমিন উর রশিদ জানান, পাট ও পেঁয়াজের বীজের জন্য ভবিষ্যতে যেন বিদেশের ওপর নির্ভর করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষিতে উৎপাদন বাড়িয়ে প্রয়োজনীয় পণ্যের আমদানি কমানোই সরকারের লক্ষ্য।
সারের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করে রাখা হয়। ফলে দেশে সার সংকট হওয়ার কোনো কারণ নেই।
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে বাজারে সারের সংকটের গুজব ছড়িয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। কিছু খুচরা বিক্রেতা সার নেই বলে প্রচার করলেও বেশি দাম দিলে তারাই আবার সার সরবরাহ করছে।
মন্ত্রী বলেন, “তাহলে সংকট কোথায়? অতি লোভী কিছু মানুষ এ ধরনের পরিস্থিতি তৈরি করছে।”
সার ডিলারদের সতর্ক করে তিনি বলেন, কোনো ডিলার সময়মতো নিজের বরাদ্দের সার উত্তোলন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ডিলারদের কৃষকদের কাছে নির্ধারিত দামে এবং সঠিক সময়ে সার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরব হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ