নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের হিসাবে মৃতের সংখ্যা ছিল ৫৭৯ জন। নতুন করে আরও ৩৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এখনো প্রায় ২ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় কয়েক দিন আগে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন, যাদের অনেকে ট্রেকিং ও তীর্থযাত্রার জন্য ওই এলাকায় গিয়েছিলেন।
দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে নুওয়াকোট জেলা অন্যতম। সেখানে ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন স্থাপনা কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশটির মন্ত্রীরা তাদের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়।
নেপাল সরকার নিখোঁজদের সন্ধান, উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
সূত্র: বিবিসি
মন্তব্যসমূহ