নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খানকে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে এই শাস্তির কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির তথ্য অনুযায়ী, ৩৬ বছর বয়সী আসিফ খানের নমুনা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর প্রতিযোগিতার বাইরের একটি ডোপ পরীক্ষায় সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনায় নিষিদ্ধ পদার্থ মেস্টেরোলোনের একটি মেটাবোলাইট পাওয়া যায়। পরে তিনি আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন।
বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) ও আইসিসির সঙ্গে ‘কেস রেজোলিউশন এগ্রিমেন্ট’-এর মাধ্যমে আসিফ ১৫ মাসের নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। এই চুক্তির আওতায় শাস্তির বিরুদ্ধে তার আপিলের সুযোগ নেই।
নিষেধাজ্ঞাটি ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে এবং তা চলবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। আইসিসির নিয়ম অনুযায়ী, আসিফ আগামী ৮ অক্টোবর থেকে কোনো দল বা আইসিসির সদস্য সংস্থার সুযোগ-সুবিধা ব্যবহার করে অনুশীলনে ফিরতে পারবেন। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৮ ডিসেম্বর থেকে।
আইসিসি আরও জানিয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর তার সাময়িক নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত অর্জিত ব্যক্তিগত ফল বাতিল করা হয়েছে। এর সঙ্গে ওই সময়ের পদক, পয়েন্ট, পুরস্কারের অর্থ বা অন্যান্য অর্জনও বাতিল বলে গণ্য হবে।
মেস্টেরোলোন একটি অ্যানাবলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড। ওয়াডা ও আইসিসির নিষিদ্ধ তালিকা অনুযায়ী এটি প্রতিযোগিতার সময় এবং প্রতিযোগিতার বাইরেও ব্যবহার নিষিদ্ধ।
পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলার পর আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান আসিফ। ২০২২ সালে ইউএইর হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৮টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
ওয়ানডেতে তার সংগ্রহ ১ হাজার ২৭০ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১ হাজার ৩০২ রান।
মন্তব্যসমূহ