কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ মোড় ঘুরে পুনরায় একই এলাকায় এসে শেষ হয়।
মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। এ সময় দৈনিক সকালের সময়ের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তাকে মারধর করা হলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।