ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলমান আঞ্চলিক শান্তি আলোচনা ও ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সোমবার আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সফর করবেন।
সফরকালে মার্কো রুবিও ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র দপ্তর জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ও আন্তর্জাতিক নৌযানগুলোর নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করাই আলোচনার অন্যতম প্রধান অগ্রাধিকার।
সফরের অংশ হিসেবে বাহরাইনে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং ইরানের সঙ্গে হওয়া সমঝোতার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোর সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করতে চায় ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, এই সফর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
সূত্র : সিএনএন
মন্তব্যসমূহ