নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের বিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর পরই তার সংসদ সদস্য পদ শূন্য হওয়ার সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
মন্তব্যসমূহ