ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। আহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে এবং প্রায় ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২১ আগস্ট) হামলার পরপরই শপিং সেন্টারটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তারা ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।
নিজ শহরে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলাটিকে ‘নির্লজ্জ’ ও ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়ে তিনি রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলার তীব্রতা বেড়েছে। জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে রুশ হামলায় অন্তত ৪৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। ২০২২ সালের মে মাসের পর কোনো এক মাসে বেসামরিক নাগরিক নিহতের এটিই সর্বোচ্চ সংখ্যা।
সূত্র: বিবিসি
মন্তব্যসমূহ