দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রত্যক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন।
দীর্ঘ প্রায় সাড়ে তিন দশকের পর এবারই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ নেয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিএনপির শীর্ষ নেতারাও তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মন্তব্যসমূহ