বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয়জন সদস্য ভোট দেননি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া সদস্যদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ভোট না দেওয়া বিএনপির সংসদ সদস্যরা হলেন মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এছাড়া জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা ভোট দেননি।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার কারণে দেশের বাইরে থাকায় ভোট দিতে পারবেন না বলে আগে থেকেই স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। ফলে তিনি ভোটগ্রহণে উপস্থিত ছিলেন না।
তবে বাকি পাঁচ সংসদ সদস্যের ভোট না দেওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এবারের রাষ্ট্রপতি নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট প্রদান করেন। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।
মন্তব্যসমূহ