দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোট গণনা শেষে সিইসি জানান, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ায় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোট দেওয়ার আগে তারা ব্যালটে পূর্ণ নাম স্বাক্ষর করেন।
ভোট প্রদানকারীদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।
মন্তব্যসমূহ