লেখিকা ই জিন ক্যারলের করা যৌন নিপীড়ন ও মানহানির দেওয়ানি মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিল দ্বিতীয়বারের মতো গ্রহণ করেনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
সোমবার (১৭ আগস্ট) আদালত ট্রাম্পের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। আদালত অবশ্য এ সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা দেয়নি, যা এ ধরনের আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে সাধারণ প্রক্রিয়া।
২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি বোর্ডের রায়ে ট্রাম্পকে ই জিন ক্যারলের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করা হয়। ওই মামলায় ক্যারলকে প্রায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন, বিচারপ্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং রায় বাতিল করা উচিত। তবে সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তের ফলে ওই রায় বহাল থাকল এবং মামলাটি আর উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে না।
ক্যারলের আইনজীবী রবের্তা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, আদালতের সিদ্ধান্তের ফলে জুরির দেওয়া রায় চূড়ান্ত হয়েছে।
এদিকে, ক্যারলের সঙ্গে ট্রাম্পের আরেকটি মানহানি মামলায় বড় অঙ্কের ক্ষতিপূরণের বিষয়টি এখনো আলাদা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ট্রাম্প অবশ্য শুরু থেকেই ক্যারলের অভিযোগ অস্বীকার করে আসছেন এবং মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মন্তব্যসমূহ