প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় এনসিপি থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম।
আদালতে তানভীরের পক্ষে জামিনের আবেদন করেন বগুড়া জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও আইনজীবী ইজাজ আল ওয়াসী। আদালতের সিদ্ধান্তের পর তিনি জানান, জামিন আবেদন প্রত্যাখ্যানের আদেশে তারা অসন্তুষ্ট। ন্যায়বিচারের প্রত্যাশায় পরবর্তী সময়ে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।
আইনজীবীর দাবি, যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে, সেই পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও মোবাইল ফোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে জব্দ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। এ অবস্থায় তানভীরকে তিন দিনের রিমান্ডে নেওয়া এবং জামিন না দেওয়ার সিদ্ধান্ত ন্যায়বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি।
তানভীরের দলীয় অবস্থান নিয়েও কথা বলেন আইনজীবী ইজাজ আল ওয়াসী। তার ভাষ্য, দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের আগে তানভীর মৌখিকভাবে যে ব্যাখ্যা দিয়েছিলেন, তাতে দলীয় নেতারা সন্তুষ্ট ছিলেন। তবে তিনি কারাগারে থাকায় লিখিত জবাব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়নি। লিখিত জবাবের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের সুযোগ নেই বলেও জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, গত ২ আগস্ট বগুড়া সদর থানায় তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলার তিন দিন পর ঢাকার মিরপুরের মণিপুরীপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর একই দিন তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল জেলা প্রশাসক নিয়োগে বাণিজ্য এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন নেওয়ার অভিযোগ ওঠার পর সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে কথিত কটূক্তির অভিযোগ ওঠার পর আবারও তাকে দলীয় পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ