যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। এতে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন ১২৭ যাত্রী। তাদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ পাঠিয়েছে বিমান কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭২ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীদের বোর্ডিংয়ের সময় নির্ধারিত ছিল বিকেল ৩টা। তবে উড্ডয়নের প্রস্তুতির সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়।
এর ফলে নির্ধারিত সময়ে ঢাকায় ফিরতে না পেরে বিমানবন্দরে অপেক্ষা করতে হয় ১২৭ যাত্রীকে। পরে তাদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ কাঠমান্ডুতে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান জানান, যান্ত্রিক সমস্যার কারণে কাঠমান্ডুতে ফ্লাইটটি গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফেরাতে বিকল্প উড়োজাহাজ পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে সেটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।
এর আগে গত ৬ আগস্ট টরন্টো থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩০৬ ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ২৫৯ যাত্রী নিয়ে ফ্লাইটটি ইতালির রোমে যাত্রাবিরতির পর ত্রুটির কারণে আটকে যায়। পরে ঢাকা থেকে কারিগরি দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠিয়ে উড়োজাহাজটি মেরামত করা হয়।
অল্প সময়ের ব্যবধানে দুটি আন্তর্জাতিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটল বিমান বাংলাদেশ এয়ারলাইনসে।
মন্তব্যসমূহ