দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের এই সংখ্যা প্রাথমিক।
শনিবার (১৫ আগস্ট) ভোরে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল-ফাওকার আশপাশে পৃথক তিনটি বিমান হামলা চালানো হয়।
একই সময়ে দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায় ইসরায়েলি সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে। বিনত জবেইল ও এর আশপাশের গ্রামগুলোতেও বিমান হামলা এবং বসতবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভোরে বিনত জবেইল শহরের কয়েকটি বাড়ি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি কুনিন-সাফ আল-হাওয়া সড়কসংলগ্ন আবাসিক এলাকায় ভারী মেশিনগান দিয়ে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
এর আগে মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলার পর উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত স্থানে কাজ করছে। আনসারে উদ্ধার অভিযান শেষ না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ