কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নৌপথ নির্ধারণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে দুই দেশ শিগগিরই একটি সমঝোতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ ঠিক করাই আলোচনার প্রধান উদ্দেশ্য। দুই দেশের বিশেষজ্ঞরা বিষয়টির কারিগরি ও কৌশলগত দিক নিয়ে কাজ করছেন।
আলোচনায় সামরিক কর্মকর্তারাও যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব বিবেচনায় নৌপথ নির্ধারণের ক্ষেত্রে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তবে ওমানের সঙ্গে এই আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি-সংক্রান্ত যোগাযোগের সঙ্গে মিলিয়ে না দেখার আহ্বান জানিয়েছেন আরাগচি। তার ভাষ্য অনুযায়ী, দুটি প্রক্রিয়া আলাদা এবং হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা মূলত জাহাজ চলাচল ও নৌপথ নির্ধারণকে কেন্দ্র করেই হচ্ছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ফলে এই জলপথে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের সম্ভাব্য সমঝোতা আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: জিও নিউজ
মন্তব্যসমূহ