রাজধানীর গুলশান থেকে ৪৩২ লিটার বা ৫৭৬ বোতল বিদেশি মদসহ মো. মিরাজ শেখ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল জানতে পারে, নিউমার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য পিকআপে করে গুলশান-১-এর ৩ নম্বর সড়কের দিকে নেওয়া হবে।
এরপর রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গুলশান-১-এর ৩ নম্বর সড়কে মইন সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে র্যাব। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে র্যাবের টহল দল সেটি আটক করে।
পরে পিকআপে তল্লাশি চালিয়ে ৪৩২ লিটার (৫৭৬ বোতল) বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা। এ সময় পিকআপের চালক ও মাদক ব্যবসায়ী মো. মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার এলাকায়।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ডিএমপির গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ