ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, তা এখন কমিয়ে ১৪ দিনের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক ডিব্রিফিং সেশনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আদর্শ পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনের মধ্যেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি (Letter of Credit) খুলতে পারবে। সরকার ব্যবসা সহজীকরণের জন্য বিভিন্ন প্রক্রিয়াগত সংস্কার বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
তিনি জানান, জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের যে সুপারিশ দিয়েছে, সেটিকে শুধু সময় বৃদ্ধির সুযোগ হিসেবে না দেখে একটি কাঠামোগত প্রস্তুতির সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন বহুমুখীকরণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
বর্তমান বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার পরিবর্তনশীল বাস্তবতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে এখন স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, শ্রম অধিকার ও পরিবেশগত মানদণ্ডের গুরুত্ব বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক নীতি অনুসরণ করতে হবে।
তিনি আরও জানান, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করা হয়েছে, যা বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় বাড়াবে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, বিডা ও জাতিসংঘের বিভিন্ন প্রতিনিধিসহ সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।