ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই প্রথম বর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতা’র অভিযোগ ওঠার পর তাদের হলের আসন বাতিল করে বহিষ্কার করেছে হল প্রশাসন।
হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, অভিযোগটি সামনে আসার পর প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দুই শিক্ষার্থীর আবাসিক সুবিধা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের হাউস টিউটর ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগকে।
মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ দাবি করেন, অভিযুক্ত দুই শিক্ষার্থীর কিছু ছবি ও ভিডিও তাদের হাতে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাদের আসন বাতিল করা হয় এবং স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়।
তবে অভিযুক্তদের একজন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, রুমমেটের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্যের জেরে ছবি ও ভিডিও সংগ্রহ করে বিষয়টি হল প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছেন।
ওই শিক্ষার্থী আরও অভিযোগ করেন, ঘটনার পর তাকে একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের কর্মী হিসেবেও প্রচার করা হয়েছে, যা সঠিক নয়।
হল প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের প্রকৃতি, প্রমাণের গ্রহণযোগ্যতা এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্যসমূহ