প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা আবার চালু হওয়ায় কলকাতার নিউমার্কেট এলাকায় ফিরতে শুরু করেছে পুরোনো ব্যস্ততা।
বাংলাদেশিদের কাছে জনপ্রিয় এই এলাকা, যা ‘কলকাতার মিনি বাংলাদেশ’ নামে পরিচিত, সেখানে পর্যটক বাড়ায় হোটেল, পরিবহন, রেস্তোরাঁ, কেনাকাটা ও মুদ্রা বিনিময় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, কিছুদিন আগেও পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২০০ বাংলাদেশি ভারতে প্রবেশ করছিলেন। বর্তমানে এ সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৫০০ জনে পৌঁছেছে। স্থলবন্দর ও বিমানবন্দর মিলিয়ে প্রতিদিন ভারতে আসা বাংলাদেশি যাত্রীর সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি।
তবে আগতদের বড় অংশই চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন। প্রায় ৮০ শতাংশ যাত্রী মেডিকেল ভিসায় এবং বাকি ২০ শতাংশ পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কলকাতার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি বাড়ায় পরিবহন, হোটেল, খাবারের দোকান, পোশাকের দোকান ও মানি এক্সচেঞ্জ ব্যবসায় আবার গতি ফিরছে।
মার্কুইস স্ট্রিট এলাকার একটি হাসপাতালের প্রতিনিধি জাফর খান বলেন, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে আগের মতো ব্যস্ততা ফিরে আসবে।
গ্রিনলাইন পরিবহনের কর্মকর্তা শ্যামল ঘোষ জানান, আগের তুলনায় যাত্রী সংখ্যা প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। বর্তমানে তিনটি গাড়ি চলাচল করছে এবং চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে।
সোহাগ পরিবহনের কর্মকর্তা সুরজিৎ ঘোষ বলেন, যাত্রী সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তবে প্রত্যাশার তুলনায় এখনো কম রয়েছে। যাত্রী বাড়লে পরিবহন সেবা আরও বাড়ানো হবে।
কলকাতায় চিকিৎসার জন্য যাওয়া এক বাংলাদেশি পর্যটক প্রকাশ বলেন, পর্যটন ভিসা চালু হলেও এর সংখ্যা এখনো সীমিত। তিনি মনে করেন, ভিসা প্রক্রিয়া আরও সহজ হলে দুই দেশের মানুষের যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়বে।
তিনি আরও অভিযোগ করেন, পর্যটন ভিসা পেতে অনেককে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। ভিসা প্রক্রিয়ায় হয়রানি বন্ধ করে সহজ ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।
মন্তব্যসমূহ