চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি দাখিল মাদরাসা এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বগুড়ায় এসব প্রতিষ্ঠানের শূন্য পাসের তথ্য জানা যায়। ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, শূন্য পাসের তালিকায় রয়েছে গাবতলী উপজেলার কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদরাসা; শিবগঞ্জ উপজেলার বালা বত্রিশ দাখিল মাদরাসা, ধাড়িয়া গাংগইট দাখিল মাদরাসা ও দুদাহার রহমানিয়া দাখিল মাদরাসা; শেরপুর উপজেলার কল্যাণী বালিকা দাখিল মাদরাসা ও মধ্যভাগ বালিকা দাখিল মাদরাসা।
এ তালিকায় আরও রয়েছে ধুনট উপজেলার হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম কলেজ ও রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা এবং সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদরাসা।
গাবতলীর কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদরাসার সুপার আব্দুল জলিল বলেন, দীর্ঘ কর্মজীবনে এবারই সবচেয়ে দুর্বল ব্যাচের ফল দেখেছেন তিনি। শিক্ষার্থীদের ভালো ফলের জন্য চেষ্টা করা হলেও একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কেউ উত্তীর্ণ হতে পারেনি।
শিবগঞ্জের বালা বত্রিশ দাখিল মাদরাসার সুপার জুয়েলুর রহমান জানান, প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হওয়ায় বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় আগ্রহের ঘাটতির কারণে ফল খারাপ হতে পারে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, ৯টি প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে। প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যা আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ