চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় মোট ১৩৮ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের নাম রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েত চৌধুরী বলেন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলে জানান তিনি।