প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে এবং ভবিষ্যতেও থাকতে পারে। তবে এসব বিষয় কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব।
তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে উন্নয়ন ও ভবিষ্যতের স্বপ্ন ভাগাভাগি করে।
ভারতীয় হাইকমিশনার বলেন, এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। দুই দেশের জনগণও পারস্পরিক সম্পর্ক আরও ভালো হোক, সেটিই প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনের গত দুই মাসে তিনি যে আতিথেয়তা, ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন, তা তাকে অভিভূত করেছে।